নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে লন্ডনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ হিন্দু যুবক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস ফর হিউম্যান রাইটস-এর ভাইস প্রেসিডেন্ট মুহিম তালুকদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদমান শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বী শরণ।

 

সমাবেশে বক্তারা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বক্তারা দাবি করেন, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

ভয়েস ফর হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে বক্তারা বলেন, দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে আমরা আজ এখানে অবস্থান করছি। আমরা দাবি জানাই, বাংলাদেশের মাটিতেই এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দীপু চন্দ্র দাস নামে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা একটি নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে ক্রমবর্ধমান গণপিটুনির সংস্কৃতির অবসান ঘটিয়ে মানুষ যেন আইনের মাধ্যমে ন্যায়বিচার পায়, সেটিই আমাদের দাবি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় পরিচয় বা কোনো অভিযোগকে কেন্দ্র করে কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। তারা বলেন, একটি সভ্য রাষ্ট্রে অপরাধের বিচার আদালতের মাধ্যমে হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভয়েস ফর হিউম্যান রাইটস-এর ভাইস প্রেসিডেন্ট সোহাগ যাদু, ভাইস প্রেসিডেন্ট নুসরাত জাহান পর্ণা, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক গৌতম কুমার সেন, বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম, নারী বিষয়ক সম্পাদক মারিয়াম বেগম, সমাজকল্যাণ সম্পাদক মো: জুনায়েদ মিয়া, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো রনি, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার রিভাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাদমান শরীফ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে আনার জন্যই আমরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। সম্প্রতি সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি।

বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম বলেন, আমাদের হিন্দু সংখ্যালঘুদের উপর দিনের পর দিন নির্যাতন বেড়ে চলেছে। আমার পরিবার ও নির্যাতনের শিকার। সামান্য কোন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হলেও মুসলিম সম্প্রদায়ের লোকরা খুন করতে দ্বিধাবোধ করে না। সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় আমরা যথাযথ বিচার দেখতে চাই। আমরা একটি নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সঙ্গত রায়ের দাবি জানাচ্ছি।

আব্দুল আহাদ চৌধুরী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ও নিরাপদে বসবাস করতে পারুক।

মানববন্ধন শেষে আয়োজকরা দীপু চন্দ্র দাস হত্যার দ্রুত বিচার, নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Share.

Leave A Reply

Exit mobile version